ভালুকায় স্কুলের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকা উপজেলার লোহাবই এ এইচ সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর নির্মাণ ও বিদ্যালয়ের বারান্দায় বেড়া দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার সকালে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মেদুয়ারী ইউনিয়নের এ বিদ্যালয়ে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। গত ৮ ফেব্র“য়ারি রাতে মাজেদুল হক সবুজ নামে এক ব্যক্তি জোরপূর্বক বিদ্যালয়ের মাঠে দুটি ঘর নির্মাণ করেন ও বিদ্যালয়ের বারান্দায় বেড়া দেন। এ ঘটনায় ৯ ফেব্র“য়ারি প্রধান শিক্ষক আতিকুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।

পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিশসহ গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। কিন্তু দুই সপ্তাহের মধ্যেও মাঠ থেকে ঘর দুটি উচ্ছেদ না করায় গতকাল সকালে বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। তবে অভিযুক্ত মাজেদুল হক সবুজ বলেন, ‘আমাদের জমি স্কুল কর্তৃপক্ষ দখল করে রেখেছিল। আমি আমার জমিতেই বাড়ি নির্মাণ করেছি।’