ধূমপানে স্কুল ফান্ডের লাখ টাকা

সেই প্রধান শিক্ষকের আরেক কাণ্ড

স্কুল ফান্ডের লাখ টাকা ধূমপানে ব্যয় করা মাগুরার মহম্মদপুর সরকারি আরএসকেএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম আরেক কাণ্ড ঘটিয়েছেন। এবার তার নির্দেশে হিসাবের খাতা জালিয়াতির সময় হাতেনাতে আটক করা হয়েছে তার বেয়াই ও স্কুলের ক্রীড়া শিক্ষক খুরশিদুর রহমান তিতাসকে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফুর রহমান আকস্মিক উপস্থিত হয়ে তাকে আটক করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সম্প্রতি ওই স্কুলের প্রধান শিক্ষক নাসিরুলের একাধিক দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে গরমিল পাওয়া যায়। গত এক বছরে তার বিদ্যালয়ের তহবিল থেকে ধূমপানে ৯৫ হাজার ২ টাকা ব্যয়ের প্রমাণ মেলে। এছাড়া অন্য দুর্নীতিসহ স্কুলের ৬২টি দোকানঘর বরাদ্দ ও ভাড়া দেওয়ার টাকা ইচ্ছেমতো ব্যয় করেছেন এমন অভিযোগও পাওয়া যায়। এরই প্রেক্ষিতে আগামী বুধবার দোকানঘরের হিসাব দাখিলের জন্য তাকে চিঠি দেওয়া হয়। এ চিঠি পেয়ে তিনি বিদ্যালয়ে থাকা তিনটি খাতা তিতাসকে দিয়ে ফ্লুইড ব্যবহার করে সংশোধনের অপচেষ্টা চালান। গোপন সংবাদের ভিত্তিতে আকস্মিকভাবে বিকেলে স্কুল পরিদর্শনে গিয়ে তিতাসকে হাতেনাতে ধরা হয়। পরে জালিয়াতির সহযোগিতা করায় তাকেও আটক করা হয়। ফ্লুইড দিয়ে হিসাবের খাতা সংশোধনের অপচেষ্টা চালিয়েছিলেন বলে স্বীকার করেছেন তিতাস। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মহম্মদপুর থানায় সোপর্দ করা হবে। আর নাসিরুলের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে মহম্মদপুর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘থানার বাইরে আছি। বিষয়টি জানি না।’