শিশু যৌন নির্যাতনে দোষী অস্ট্রেলিয়ার শীর্ষ ধর্মযাজক

শিশু যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত হয়েছেন অস্ট্রেলিয়ার শীর্ষ ধর্মযাজক জর্জ পেল। ১৯৯৬ সালে মেলবোর্নের প্রধান গির্জায় দুজন গায়ক ছেলের ওপর যৌন নিপীড়ন চালান তিনি।

বিবিসি জানায়, ৭৭ বছর বয়সী জর্জ পেল ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান কেন্দ্র ভ্যাটিকানের ট্রেজারার। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার সবচেয়ে ক্ষমতাধর ধর্মীয় গুরু।

গির্জার অভ্যন্তরে গায়ক দলের দুই ছেলেকে যৌন হয়রানি করেন তিনি।

এর আগে ভিক্টোরিয়া পুলিশের উপকমিশনার (ডিসি) শেন প্যাটন জানানা, একাধিক ব্যক্তি জর্জ পিলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। যদিও কার্ডিনাল জর্জ নিজেকে নির্দোষ দাবি করেন।

গত বুধবার থেকে শুরু হওয়া এ শুনানি এখনো চলছে। পুরো বিচারকার্য শেষে ডিসেম্বরে রায় ঘোষণা করবে আদালত।

বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার গির্জাগুলোয় যাজক ও পাদ্রীদের বিরুদ্ধে হাজার হাজার শিশুকে যৌন নির্যাতন করার প্রমাণ মিলেছে এক সমীক্ষায়।

অস্ট্রেলিয়ার শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে গঠিত ‘রয়্যাল কমিশন’ এর এক প্রতিবেদনে দেখা গেছে, গত ছয় দশকে শিশুকামী যাজকদের হাতে দেশটিতে প্রায় চার হাজার ৪৪০ জন শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, ১৯৫০ সাল থেকে ২০১০ সালের মধ্যে ক্যাথলিক যাজকরা শিশুদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। আর ১৯৮০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ৪ হাজার ৪৪০ জনেরও বেশি ব্যক্তি যৌন নিপীড়নের শিকার হওয়ার দাবি করেছে।

এসব ঘটনায় এক হাজার ৮৮০ জন যাজক জড়িত ছিলেন বলে জানায় কমিশন। আর যাজকদের মধ্যে ৯০ ভাগই পুরুষ এবং ১০ ভাগ নারী।

বলা হচ্ছে, অস্ট্রেলিয়ার মোট ক্যাথলিক যাজকদের সাত শতাংশই শিশু যৌন নিপীড়নের সঙ্গে জড়িত।