ভিজিডি কার্ডের টাকা আত্মসাতের অভিযোগ এনজিও’র বিরুদ্ধে

কুমিল্লার দাউদকান্দিতে ভিজিডি কার্ডধারী দুস্থ মহিলাদের সঞ্চয়ের  টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সঞ্চয় উত্তোলনকারী সংশ্লিষ্ট এনজিও’র বিরুদ্ধে। ‘বাংলাদেশ পুওর উইমেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন’ নামের এনজিওর মাঠকর্মীরা সঞ্চয়ের টাকা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেছেন এমন অভিযোগ মোহাম্মদপুর ইউনিয়নের সুবিধাভোগী দুস্থ মহিলাদের।

সরেজমিনে জানা যায়,  ২০১৭-১৮ সালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে দুস্থ মহিলা ভিজিডি কার্ডধারী ১০১ জন । দুই বছরের জন্য ইউনিয়ন পরিষদ তাদের সুবিধাভোগী নির্বাচিত করেন। তাদের সঞ্চয়ের টাকা উত্তোলনের জন্য বাংলাদেশ পুওর উইমেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন নামে এনজিওকে নিযুক্ত করেন মহিলাবিষয়ক অধিদপ্তর।

প্রতি মাসে ভিজিডির চাল উত্তোলনের সময় তারা ২০০ টাকা করে এনজিও মাঠ কর্মীদের মাধ্যমে সঞ্চয় করেন। গত ডিসেম্বর মাসে তাদের ভিজিডি কার্ডের মেয়াদ দুই বছর পূর্ণ হয়। জানুয়ারি মাসে সুবিধাভোগীদের সঞ্চয়ের টাকা সুদাসল ফেরত দেওয়ার নিয়ম। কিন্তু এখন সুদ ছাড়া আসল টাকাই কম পাওয়ার অভিযোগ করেন সুবিধাভোগী নারীরা।

বেহানাটা গ্রামের লাখী আক্তার(কার্ড নং-৬৭), বিলকিস আক্তার(কার্ড নং-৩২) জানান, গত দুই বছরে কার্ডের চাল নেওয়ার সময় প্রতি মাসে ২০০ টাকা করে সঞ্চয়ের জন্য দিয়েছি। আমাদের টাকা নাকি ব্যাংকে জমা হয় নাই। তাই লাভ তো দূরের কথা আসল টাকা থেকেই কম দেওয়ায় আমরা টাকা নিচ্ছি না।

ওই ইউনিয়নের দায়িত্বে থাকা এনজিওর মাঠকর্মী মাকসুদা আক্তার জানান, এখানে কার্ডধারী সুবিধাভোগী এক’শ জনের কেউ দুই বছর অর্থাৎ ২৪ মাসের পুরো টাকা আমাদের নিকট জমা করেন নাই। শুনেছি সচিবের নিকট জমা করেছে, সেটার ব্যাপারে আমরা বলতে পারব না। আমরা যা টাকা জমা পেয়েছি তাই ফেরত দিতে গিয়ে দেখি কার্ডে লেখা টাকার সঙ্গে ব্যাংক হিসাবে গড় মিল । তাই টাকা বিতরণ করা হয়নি।

সচিব নুরে  আলম জানান,  শুক্র ও শনিবার আমি ছুটিতে থাকি। ওই দুই দিন চাল বিতরণ করেন দফাদার। বিষয়টি চেয়ারম্যান সাহেবকে জানালে বলে দফাদার টাকা এনজিও কর্মীর কাছে জমা দেবে। এর বেশি আমি কিছুই জানি না।

চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, টাকা কম বা গড় মিলের বিষয়টি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে জানিয়েছি।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জাকিয়া বেগম জানান,  মোহাম্মদপুর ইউনিয়নের ভিজিডি কার্ডের জমা  টাকা  বিতরণে অনিয়মের অভিযোগ পেয়েছি। বিষয়টি ইউএনও স্যারকে অবগত করেছি।