অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

উপজেলা বিএনপির সভাপতি মাছুম চৌধুরী স্বাক্ষরিত ওই নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

নেত্রকোণার আটপাড়া উপজেলায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ওই শিক্ষিকার তলপেটে লাথি মারা এবং তাকে অনাগত সন্তানসহ পুড়িয়ে হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সোমবার (১৬ নভেম্বর) তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর।

ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

নিবেদিতা দেবের অভিযোগ, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তার ওপর হামলা চালান। এ সময় আনোয়ার হোসেন তার তলপেটে লাথি মারেন। অন্যরা তাকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাকে উদ্ধার করেন।

শিক্ষিকা জানান, তাকে অন্য একটি স্থানে বৈঠকে যোগ দিতে বলা হয়েছিল। তবে কী বিষয়ে বৈঠক, তা জানা নেই জানিয়ে তিনি তাদের বিদ্যালয়ে এসে কথা বলার অনুরোধ করেন। এর পরপরই তারা বিদ্যালয়ে এসে তার ওপর হামলা চালান।

নিবেদিতা দেব বলেন, আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মেরেছেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছেন। তাদের সঙ্গে ৭০-৮০ জন নেতাকর্মী ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন- এ কথা বলার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে ও আমার পেটের সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেন। বাড়িঘরও জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। পরে তারা দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিষয়টি জানান। ইউএনওর পরামর্শে তারা লিখিত অভিযোগ জমা দেন।

তবে শিক্ষিকাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন। তার দাবি, তারা বিদ্যালয়ের পাশে ২০-৩০ জন নেতাকর্মী নিয়ে বৈঠক করছিলেন। প্রধান শিক্ষিকাকে বৈঠকে যোগ দেওয়ার জন্য খবর পাঠানো হলেও তিনি গুরুত্ব দেননি। পরে বিদ্যালয়ে গিয়ে তারা দেখতে পান, ওই শিক্ষিকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে নিয়ে বৈঠক করছেন। কেন তিনি আওয়ামী লীগের লোকজনকে নিয়ে বৈঠক করছেন, শুধু তা জানতে চাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে সভাপতি নির্বাচন এখনো বাকি। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার বিষয়ে অভিযোগ পেয়েছেন। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও নেতা নুরুজ্জামান খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আটপাড়া উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির সভাপতি মাছুম চৌধুরী স্বাক্ষরিত ওই নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মাছুম চৌধুরী বলেন, জেলা বিএনপির পরামর্শে তাদের দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত