ভাত, রুটি, সিদ্ধ সবজি আর যোগব্যায়ামে ১২৩ বছর

ভাত, রুটি, সিদ্ধ সবজি খেয়ে আর নিয়মিত যোগব্যায়াম করে ১২৩ বছর ধরে বেঁচে আছেন স্বামী শিবানন্দ। গিনেজ বুকে তার নাম না উঠলেও এ মুহূর্তে তিনিই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ বলে মনে করা হচ্ছে।

স্বামী শিবানন্দের জন্ম বাংলাদেশে হলেও বর্তমানে তিনি একজন ভারতীয়। তবে বাংলাদেশের নাড়ির টান তিনি অনুভব করেন। এ জন্যই ঘুরতে এসেছেন সিলেটে।

মঙ্গলবার সিলেট নগরীর মির্জাজাঙ্গাল শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দর ধাম মন্দিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিবানন্দ। এ সময় তিনি জানান, তার দীর্ঘায়ু লাভের রহস্যসহ জীবন দর্শন।

শিবানন্দের জন্ম ১৮৯৬ সালের ৮ আগস্ট বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হরিপুর গ্রামে প্রখ্যাত গোস্বামী পরিবারে। নিজের বয়সের প্রমাণ হিসাবে তিনি পাসপোর্ট, ভারতীয় জাতীয় পরিচয়পত্র দেখান। এতে তার জন্মতারিখ ৮ আগস্ট ১৮৯৬ লেখা রয়েছে। তবে গিনেজ বুকে তার নাম ওঠানো নিয়ে নিজের কোন আগ্রহ নেই।

শিবানন্দ বলেন, ‘আমার কর্মজীবন ভারতে হলেও জন্ম এই বাংলাদেশে। কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে লন্ডনে উচ্চ শিক্ষা গ্রহণ করেছি।’

শিবানন্দ জানান, এখনো তিনি সম্পূর্ণ সুস্থ। তার শরীরে কোন রোগ নেই। ভারতের অ্যাপলোসহ দুইটি নামকরা হাসপাতাল কিছুদিন আগে তাকে চেকআপ করে নীরোগ হিসাবে ঘোষণা দিয়েছে।

এই দীর্ঘায়ু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘খাদ্যাভ্যাস ও নিয়মিত যোগ ব্যায়ামই আমাকে বাঁচিয়ে রেখেছে। ভাত, রুটি আর সিদ্ধ সবজি ছাড়া কিছু খাই না। ভোর ৩টায় ঘুম থেকে উঠে যোগব্যায়াম আর আধ্যাত্মিক সাধনা করি।’

শিবানন্দ বলেন, ‘ধর্মকর্ম মানুষকে শান্তি দেয়। যার যে ধর্ম সেটা নিয়মিত পালন করা জরুরি। ধর্ম নিয়ে হানাহানি একদম ঠিক নয়।’

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে তিনি মুগ্ধ উল্লেখ করে শিবানন্দ বলেন, ‘আমার কাছে হিন্দু-মুসলিম কোন বাছ-বিচার নেই। সব মানুষই সমান।’

বিশ্বে এত অশান্তি কেন সাংবাদিকের এমন প্রশ্নে প্রবীণ এই ব্যক্তি বলেন, ‘এখন মানুষের আয়ু কম, আর বাসনা বেশি। তাই তারা অশান্তি, যুদ্ধ, হানাহানিতে লিপ্ত।’ একদিন গোটা পৃথিবী শান্তির নীড় হবে বলে আশা করেন স্বামী শিবানন্দ।               

শিবানন্দের ভক্ত নন্দ কিশোর জানান, তিনি মনে করেন বর্তমানে স্বামী শিবানন্দই বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ। যদিও এর কোন আনুষ্ঠানিক স্বীকৃতি নেই।

তিনি জানান, গিনেজ বুক অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ জাপানের কেইন টানাকা। এই জাপানি নারীর বয়স এখন ১১৬ বছর ২ মাস।