বাংলাদেশকে একমাত্র ব্যক্তিগত স্বর্ণ জেতালেন দিয়া

আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে একমাত্র ব্যক্তিগত স্বর্ণ পদকটি উপহার দিয়েছেন দিয়া সিদ্দিকী। মেয়েদের রিকার্ভ এককে স্বর্ণ জয় করেন বিকেএসপির এই আর্চার।

মঙ্গলবার টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম প্রতিযোগিতার শেষ দিনে ছিল দশটি স্বর্ণ পদকের লড়াই। বাংলাদেশ মোট ৫টি ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে উঠেছিল। কিন্তু সাফল্য এসেছে মাত্র দুই ইভেন্টে।

মেয়েদের রিকার্ভ এককে দিয়া সিদ্দিকী ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে ইরানের শোযামেহের শিভাকে পরাজিত স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান। আন্তর্জাতিক আসরে এটিই তার প্রথম সোনার পদক।

বাংলাদেশের অন্য স্বর্ণটি এসেছে মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্ট থেকে। যেখানে বাংলাদেশ ভারতকে ১৩০-১২৫ ইভেন্টে পরাজিত করে। বাংলাদেশের হয়ে লড়েছেন বন্যা আক্তার, সুস্মিতা বণিক ও শ্যামলি রায়।

হতাশ করেছেন দেশ সেরা আর্চার রোমান সানা। ছেলেদের রিকার্ভ এককে থাইল্যান্ডের থেপনা দেনচাইয়ের কাছে ৬-২ সেটে হেরে রুপা জিতেন তিনি। যদিও র‌্যাঙ্কিং রাউন্ডে সেরা হয়েছিলেন এই আর্চার।

এদিন আরো দুটি ইভেন্টে রুপা জয় করে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ দলগত ও রিকার্ভ পুরুষ দলগত আসে রুপা।

২টি স্বর্ণ, ৩ টি রুপা ও ৪টি ব্রোঞ্জ সহ মোট ৯টি পদক জিতে প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে বাংলাদেশ। ভারত ৪টি স্বর্ণ সহ মোট ১০টি পদক জিতে হয়েছে চ্যাম্পিয়ন।

২০১৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম আসরে ৬টি, ২০১৮ সালে দ্বিতীয় আসরে ৫টি সোনা জিতেছিল বাংলাদেশ। এবার এসেছে ২টি। অবশ্য ভারত, জার্মানি, থাইল্যান্ডের মতো দেশ এবারই প্রথম অংশ নিয়েছে আসরটিতে।