মনোনয়নের আগেই পোস্টার

টাঙ্গাইলের মধুপুরে মনোনয়নের আগেই ভোটের প্রচারে নেমে পড়ার অভিযোগ উঠেছে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছরোয়ার আলম খান আবুর বিরুদ্ধে। নৌকা মার্কায় ভোট চেয়ে উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার সেঁটেছেন তার সমর্থকরা। অবশ্য সম্ভাব্য প্রার্থী মো. ছরোয়ার আলম খান আবু এ অভিযোগ অস্বীকার করে বলছেন, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র।আউশনারা ইউনিয়নের শাইলবাইদ এলাকায় এ রকম বেশ কিছু পোস্টার চোখে পড়ে। পোস্টারে আবু খানের ছবি ব্যবহার করে লেখা হয়েছে, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মধুপুর উপজেলা, জননেতা আলহাজ মো. ছরোয়ার আলম খান আবু বর্তমান সফল চেয়ারম্যান মহোদয়কে নৌকা মার্কায় ভোট দিন। প্রচারে ৮ নম্বর আউশনারা ইউনিয়নবাসীর পক্ষে।’ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে দেশের ৮৭টি উপজেলার সঙ্গে মধুপুরে ভোট হবে ৩১ মার্চ। এই ৮৭টি উপজেলার আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হবে ১ মার্চ।