আশুলিয়ায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির কাটা হাত, পা ও মাথা পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দুপুরে কাঠগড়া-জামগড়া সড়কের পাশের একটি নির্জন জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ। আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু দেশ রূপান্তরকে জানান, সড়কের পাশে পড়ে থাকা একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে বস্তা খুলে অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি জানিয়ে ওসি রিজাউল হক বলেন, ‘দুর্বৃত্তরা ওই নারীকে অন্য কোথাও হত্যা করেছে। পরে লাশ বস্তায় ভরে গভীর রাতে নির্জন স্থানে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।’ ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।