দ. আফ্রিকার হয়ে আর দেখা যাবে না অলিভিয়েরকে

বল হাতে দুর্দান্ত সময় পার করছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার ডুয়ানে অলিভিয়েরকে। চলতি দক্ষিণ আফ্রিকান গ্রীষ্মে ৫ টেস্টে নিয়েছেন ৩১ উইকেট। কাগিসো রাবাদা, ডেল স্টেইনদের সঙ্গে প্রোটিয়া পেস বোলিং আক্রমণে নির্ভরতা ছড়াচ্ছিলেন। কিন্তু ২৬ বছর বয়সী এই পেসারকে আর দেখা যাবে না নিজ দেশের জার্সিতে। তিন বছরের কলপ্যাক চুক্তিতে ইংলিশ কাউন্টির দল ইয়র্কশায়ারে যোগ দিতে যাচ্ছেন তিনি।

ইয়র্কশায়ার তাদের ওয়েবসাইটে অলিভিয়ের সঙ্গে চুক্তির বিয়ষটি জানিয়েছে। অভিলিয়ের নিজেও ইনস্টাগ্রাম বার্তায় চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের টুইটার প্রোফাইলে ‘ইয়র্কশায়ার ক্রিকেটার’ কথাটাও যুক্ত করে দিয়েছেন।

স্বাভাবিকভাবেই অলিভিয়ের এই চুক্তি দক্ষিণ আফ্রিকার জন্য হতাশার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী থাবাং মোরোয়ে সেই হতাশার কথা সংবাদমাধ্যমে গোপন রাখেননি। এই কর্মকর্তা জানিয়েছেন অলিভিয়েরের সঙ্গে যে দুই বছরের চুক্তি হয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকার, সেটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার কোচ অটিস গিবসনও হতাশ অলিভিয়েরের সিদ্ধান্তে।