অদম্য জীবনের বয়ান

মেলাকেন্দ্রিক বই প্রকাশে তরুণদের আগ্রহ একটু বেশি। কিছু তরুণ লেখকের পাঠকও বেশি। কারও কারও বইয়ের বের হচ্ছে একাধিক মুদ্রণ। এ রকমই একজন তরুণ লেখক সত্যজিৎ চক্রবর্ত্তী। এবার তার নতুন বই ‘দ্যা হিডেন পাওয়ার’ সম্পর্কে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘হেরে যাওয়াটা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। জীবন নিজে নিজে বদলায় না, একে হাতে ধরে বদলে দিতে হয়। দ্যা হিডেন পাওয়ার বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি জীবনের দর্শন এবং সফলতার দিকগুলো।’ বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। বইটির প্রকাশক সম্পর্কে তিনি বলেন, ‘বইটি এখন পর্যন্ত আমার প্রকাশনীর বেস্ট সেলার। একদম তরুণ একজন লেখকের বই এত জনপ্রিয় হলে, এটা লেখক-প্রকাশক দুজনের জন্যই আনন্দের এবং লাভজনক।’

আসিফ রহমান জয়ের প্রথম গল্পের বই ‘বর্ণমালার সুখ দুঃখ’ প্রকাশিত হয়েছে চৈতন্য প্রকাশনী থেকে। বই সম্পর্কে লেখক বলেন, ‘প্রথম বই প্রকাশের আনন্দ  পাণ্ডূলিপি রেডি করা থেকে শুরু। এরপর প্রকাশকের কাছে জমা দেওয়া, প্রকাশের পর হাতে নেওয়া, প্রথম অটোগ্রাফ দেওয়ার সেই অনুভূতি অসাধারণ। যেন সন্তান জন্ম হওয়ার আনন্দের মতো।’ বইটি সম্পর্কে প্রকাশক বলেন, ‘নতুন লেখকের বই হিসেবে এই বইটি ভালো চলছে।’‘সুপ্রিয় দিনলিপি’ বইটির বিষয়বস্তু ‘রূপক অর্থে অটোবায়োগ্রাফি’ হলেও, এই বইতে আরও দুটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। লেখক ফারহানা আকতার বইটি সম্পর্কে বলেন, ‘বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি আত্মনির্ভরশীল, সংস্কারমুক্ত, স্বশিক্ষিত, মেধাবী, ব্যক্তিত্বসম্পন্ন ও উন্নত রাষ্ট্র হিসেবে তুলে ধরতে হলে আমাদের সবাইকে আরেকটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। সেখানে আমাদের মূল অস্ত্র হবে রাজনৈতিক-সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা।’