এবার ভারতের আকাশসীমায় হানা দিল পাকিস্তানি যুদ্ধবিমান। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে প্রবেশ করলেও কোনো হামলার কথা জানা যায়নি এখন পর্যন্ত।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার সকালে জম্মু-কাশ্মীরের রাজুউরি জেলার নওশেরা এলাকায় হানা দেয় পাকিস্তানি যুদ্ধবিমান।
তবে ভারতের সেনা কর্তৃপক্ষ দাবি করে, তাদের যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে পিছু হটে প্রতিপক্ষ।
এদিকে পাকিস্তান সরকার এ ঘটনার কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে সরকার জানায়, দুই দেশের সীমান্তরেখা অতিক্রম করে পাকিস্তানি যুদ্ধবিমান ভারতে প্রবেশ করলেও এটি গতকালের অভিযানের প্রতিশোধ ছিল না।
এতে আরও বলা হয়, পরিস্থিতিকে আর উত্তপ্ত করার কোনো ইচ্ছা নেই পাকিস্তানের। তবে তারা বাধ্য হলে এর জন্য প্রস্তুত বলে জানায়।
পাকিস্তান আরও জানায়, আমরা কঠোর আচরণের দিকে যেতে চাই না। আশা করছি, শান্তি প্রতিষ্ঠায় ভারত একটা সুযোগ দেবে এবং পরিপক্ক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সমস্যার সমাধান করবে।
এদিকে এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। যদিও গতকাল পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত।
এতে ৩২৫ জইশ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে ভারত। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহত হয়নি বলে দাবি করে পাকিস্তান।
গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় একটি বহরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালালে ৪৯ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-সিআরপিএফ জওয়ান নিহত হন।
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ ভিডিও ও ছবি শেয়ার করে ওই হামলার দায় স্বীকার করে। পাকিস্তানের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় এ হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত। পাকিস্তান তা নাকচ করে দিলেও দুই প্রতিবেশী দেশের মধ্যে এ যুদ্ধাবস্থা সৃষ্টি হয়।