চট্টগ্রামে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যাটেক এলাকা থেকে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৭। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

গ্রেপ্তাররা হলেন, মোর্শেদুল আলম (২৪) ও মো. আব্দুল আজিজ (৩১)। মোর্শেদুল সাতকানিয়া জেলার পূর্ব বিল্লাপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে এবং আব্দুল আজিজ কর্ণফুলীর দক্ষিণ শিকলবাহা গ্রামের বাসিন্দা মৃত মিরাজ আহম্মদের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব সদস্যরা মইজ্জ্যাটেক এলাকার কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশনের পাশে অভিযান চালিয়ে লাল কস্টেপ মোড়ানো একটি ওয়ানশুটার গানসহ তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কর্ণফুলী থানায় হন্তান্তর করা হয়েছে।