মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কোনো ‘বিদ্রোহী’ প্রার্থী নেই। গাংনীতে দলের জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুজিবনগর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে কেউ মনোনয়নপত্র দাখিল না করায় সেখানে নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আওয়ামী লীগ প্রার্থী জিয়াউদ্দিন বিশ্বাস জিয়া।
বিভিন্ন প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার গাংনী ছাড়া অন্য দুই উপজেলার চেয়ারম্যান পদে ভোট হবে নিরুত্তাপ। জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানা যায়, সদরে আওয়ামী লীগ থেকে নৌকা নিয়ে ইয়ারুল ইসলাম (শহর আওয়ামী লীগ সভাপতি) মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে দলের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি নুরুস সাফা প্লাবন।
গাংনী উপজেলায় নয় চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ছয়জনই আওয়ামী লীগের বিদ্রোহী। সেখানে আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক আবদুল খালেক (নৌকা) ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নূরজাহার বেগম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বাদশা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম এবং জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড আবদুল মাবুদ।
গাংনী উপজেলা চেয়ারম্যান পদে এত বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে দলের সভাপতি ও মেহেরপুর-২ আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন দেশ রূপান্তরকে বলেন, সবাই জনপ্রতিনিধি হতে চায়। এই মানসিকতার কারণে এত প্রার্থী। ভোটে দলীয় প্রার্থীর বিরুদ্ধে এত বিদ্রোহী নির্বাচনের শান্ত পরিবেশকে অশান্ত করতেই পারে। তাই নির্বাচন নিয়ে তিনি এখনো নীরব আছেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস বলেন, দলীয় শৃঙ্খলা আছে বলেই এখানে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। ভোট শান্তিপূর্ণ হবে।মুজিবনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান জানান, মুজিবনগরে চেয়ারম্যান পদে জিয়াউদ্দিন বিশ্বাস ছাড়া কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। তাই অনানুষ্ঠানিকভাবে তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। আগামী ৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের দিন আনুষ্ঠানিক ঘোষণা হবে। এ তিন উপজেলায় ভোটগ্রহণের তারিখ আগামী ২৪ মার্চ।