‘সেনাদের আত্মত্যাগ নিয়ে রাজনীতি করছে বিজেপি’

সাম্প্রতিক ঘটনায় নিহত ভারতীয় সেনাদের ‘আত্মত্যাগ ব্যবহার করে ক্ষমতাসীন বিজেপি রাজনীতি করছে’ বলে অভিযোগ করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ২১টি বিরোধী দল। বুধবার যৌথ বিবৃতিতে তারা এ কথা জানান।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৯ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর এই প্রথম একসঙ্গে বিবৃতি দিল ভারতের বিরোধী দলগুলো। এর আগে আলাদাভাবে তারা নিন্দা জানায়।

পাকিস্তানের বালাকোটে কথিত জইশ-ই-মুহাম্মদের ঘাঁটিতে মঙ্গলবার বিমান হামলা চালায় ভারত। এরপর বুধবার আবার তারা পাকিস্তানে ঢুকে হামলার চেষ্টা করে। এ সময় ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং একজন ভারতীয় পাইলটকে গ্রেপ্তার করে পাক আর্মি। একই দিন পাকিস্তান বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করে ভারতও।

এমন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধীরা। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন।

তারা বলেন, ‘জাতীয় নিরাপত্তাকে অবশ্যই সংকীর্ণ রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে রাখতে হবে। আমরা আফসোসের সঙ্গে লক্ষ্য করেছি প্রধানমন্ত্রী একটি সর্বদলীয় সভার আয়োজন করতে পারেননি, যেটা আমাদের গণতন্ত্রে চর্চা হয়ে থাকে। তিনি বরং সেনাদের আত্মত্যাগ নিয়ে রাজনীতি করছেন।’