মিয়ানমারের রাখাইন রাজ্যে বিস্ফোরণে এক সেনা কর্মকর্তার স্ত্রী মারা গেছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে বুথিডং শহরতলিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরাবতী। এ ঘটনার পরপরই স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির পক্ষ থেকে জানানো হয়েছে, এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ সমস্যা। এর সঙ্গে সংগঠনকে জড়ানো ভিত্তিহীন।
দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন ইরাবতীকে ফোনে জানান, নিহত নান মোহ মোহ জ মেজর কিয়ে সয়ারের স্ত্রী। ওই মেজরকে সম্প্রতি নেইপিদো থেকে বুথিডংয়ে বদলি করা হয়। ওই মুখপাত্র জানান, গত সোমবার ওই নবদম্পতি একটি ব্যক্তিগত গাড়িতে চড়ে এবং অন্য একটিতে মালামাল নিয়ে বুথিডংয়ের উদ্দেশে নেইপিদো ছাড়েন। রাথেডংয়ে তাদের মালামাল বহনকারী ট্রাকটিকে তল্লাশির জন্য থামান দুই ব্যক্তি। অন্য ছয়জন গাড়ির ভেতর তল্লাশি চালান। ওই সেনা কর্মকর্তা বলেন, তাদের ধারণা তল্লাশি চালানোর সময় ওই ট্রাকে বিস্ফোরক যুক্ত করে দেওয়া হয়।