স্ত্রীকে মেরে স্বামীর আত্মহত্যা

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে স্ত্রী রেবা রাণীকে (৪১) হত্যার পর তার স্বামী শৈলেন দেবনাথ (৫০) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার দুপুরে কালীগঞ্জ শহরের থানাপাড়ার মোদাচ্ছের আলীর বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ওই দুজনের মরদেহ উদ্ধার করে। নিহত শৈলেন দেবনাথ যশোর সদর উপজেলার সাতমাইল গ্রামের বাসিন্দা। স্ত্রী রেবা রাণীর বাড়ি মাগুরা সদর উপজেলার নিত্যানন্দপুরে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী জানান, থানাপাড়ার মোদাচ্ছের আলীর বাসায় স্বামী ও স্ত্রীর মরদেহ পড়ে রয়েছেÑ এমন খবরে সেখানে যায় পুলিশ। পরে ঘরের দরজা ভেঙে বিছানায় থাকা স্ত্রী রেবা রাণী ও ঝুলন্ত অবস্থায় স্বামী শৈলেন দেবনাথের লাশ উদ্ধার করা হয়। দুই মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কাঁচামাল ব্যবসায়ী শৈলেন দেবনাথের বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা দেনা ছিল। এ নিয়ে রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর তাকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।