থামতে বলল চীন

কাশ্মীরের কার্যত সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে দেশ দুটিকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চীন। গতকাল বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের সময় চীনের রাষ্ট্রীয় পরামর্শক ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার কাশ্মীরের বালাকোটে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালায় ভারত। এতে অনেক জঙ্গি নিহত হওয়ার দাবি করে দেশটি। বিপরীতে একজন আহত হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়। পরের দিন ভারতীয় দুটি জঙ্গিবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। একই সঙ্গে ভারতের দুজন পাইলটকে আটকের কথাও বলে দেশটি। অন্যদিকে ভারত পাকিস্তানের একটি বিমান ভূপাতিত করার দাবি করেছে। দেশটি একটি বিমান ধ্বংস ও একজন পাইলট নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছে।

চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের উঝেনে বৈঠক করেন প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে চীন, রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক রয়েছে।

সুষমার সঙ্গে বৈঠকে ওয়াং বলেন, দক্ষিণ এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে উদ্বিগ্ন চীন। ভারত ও পাকিস্তানের বন্ধু হিসেবে উত্তেজনা প্রশমনে দুপক্ষকেই সংযত থাকার আহ্বান জানাচ্ছে চীন। তিনি আরও বলেন, চীনের আশা, সংলাপের মাধ্যমে দুই দেশই উদ্ভূত পরিস্থিতিতে প্রকৃত সত্য খুঁজে বের করবে এবং যৌথভাবে আঞ্চলিক শান্তি বজায় রাখবে।

সুষমা বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতি বজায় রাখা এবং এর মাধ্যমে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে কাজ করা উচিত ভারত ও চীনের।