গেইলের দুই মাইলফলকের ম্যাচেও হারল উইন্ডিজ

এক ম্যাচে দুটি মাইলফলক স্পর্শ। ওয়ানডেতে ১০ হাজার রান; আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশতম ছক্কা! ক্রিস গেইলের এমন কীর্তির দিনেও ইংল্যান্ডের কাছে হারের বেদনায় নীল ওয়েস্ট ইন্ডিজ।

গ্রেনাডার সেন্ট জর্জের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বুধবার রাতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ইংলিশদের কাছে ২৯ রানে হারে ক্যারিবীয় দল। জয়ের জন্য ৪১৯ রানের জবাবে ৩৮৯ রানে গুটিয়ে যায় তারা।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৪১৮ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। সর্বোচ্চ রান আসে জস বাটলারের ব্যাট থেকে। ৭৭ বলে ১৩ চার ও ১২ ছক্কায় করেন ১৫০ রান! ৮৮ বলে আট চার ও ছয় ছক্কায় ১০৩ রান করেন অধিনায়ক ইয়ন মর্গান।

অন্যদের মধ্যে দুই ওপেনার জনি বেয়ারস্টো ৪৩ বলে ৫৬ ও অ্যালেক্স হলস ৭৩ বলে ৮২ রান করেন।

জবাবে শুরু থেকে ব্যাটে ঝড় তুলেন উইন্ডিজ ওপেনার গেইল। ৩২ বলে অর্ধশতকের দেখা পাওয়া মারকুটে এই ব্যাটার শতক পূর্ণ করেন মাত্র ৫৫ বলে! এর মধ্যে রয়েছে সাতটি চার ও নয়টি ছক্কার মার। ওয়ানডেতে এটি তার ২৫তম শতক।

দলীয় ২৯৫ রানে থামে গেইলের ব্যাট। বেন স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে গেইলের ব্যক্তিগত রান দাঁড়ায় ১৬২। ৯৭ বলের ইনিংসটিতে রয়েছে ১১ চার ও ১৪ ছক্কা!

দানবীয় এই ইনিংস খেলার মধ্য দিয়ে ওয়ানডেতে দশ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেইলের রান এখন ১০ হাজার ৭৪। এই জন্য তাকে খেলতে হয়েছে ২৮৮টি ম্যাচ। তাতে ২৫টি সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি হাঁকান ৫০টি অর্ধশতক!

৩৩১ রান বেশি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করায় শীর্ষে আছেন কিংবদন্তি ব্রায়ান লারা।

ম্যাচটির মধ্য দিয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশোতম ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়লেন গেইল। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণ মিলিয়ে ৫১৫ ইনিংসে ৪৯২ ছক্কা নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমেছিলেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

আদিল রশিদকে ইনিংসে অষ্টম ছক্কা হাঁকিয়ে ছুঁয়ে ফেলেন পাঁচশ ছক্কার মাইলফলক। ম্যাচটি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট ছক্কা দাঁড়িয়েছে ৫০৬টি!

গেইল তাণ্ডবে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। পাহারসম টার্গেট পেরুতে গিয়ে অল্পের জন্যই হেরেছে তারা। ৫৯ বলে ৬১ রান করেন ডুয়াইন ব্রাভো; ৩৬ বলে ৫০ রান করেন কার্লোস ব্র্যাথওয়েট। ৪১ বলে ৪৩ রান করেন অ্যাশলি নার্সের ব্যাট থেকে।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে আদিল রশিদ ৮৫ রানে পাঁচ উইকেট নেন। চারটি উইকেট নেন মার্ক উড।

বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারটি নিজের করে নেন ইংল্যান্ডের বাটলার। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি হবে সেন্ট লুসিয়ায়, ২ মার্চ।