পটুয়াখালী পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলছে

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে শুরু হয়েছে পটুয়াখালী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকে বৃষ্টির কারণে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বৃষ্টি কমার পর বেড়ে গেছে ভোটার উপস্থিতি।

বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ২১টি কেন্দ্রে ১২৯টি কক্ষে মোট ৪৫ হাজার ১৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২১ হাজার ৮২২ জন পুরুষ এবং ২৩ হাজার ৩২২ জন নারী ভোটার।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন এবং স্থানীয়  প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল ৬টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৫জন পুলিশ এবং ১৪ ন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিটি ওয়ার্ডে একজন কর্মকর্তা নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও পুলিশের ১৫টি টহল টিম, র‌্যাবের  ২টি  টহল টিম এবং বিজিবির ৩টি টহল টিম কাজ করছে।

নির্বাচনে মেয়র পদে ৫ জন কাউন্সিলর পদে ৪৩ জন এবং নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।