জন্মদিনে পপসম্রাটের নামে গান (ভিডিও)

“আমি আমার মনে মনে গাইছি একটা গান। আমি জানি এই গানটা শুনছেন আজম খান। আমার গানে আজম খানের হাত ধরে দাঁড়ান। জিম মরিসন পিট সিগারের সঙ্গে বব ডিলান”- এমন কথায় ‘আজম খান’ শিরোনামে গানে কণ্ঠ দিয়েছেন সৌর।

কিংবদন্তি পপসম্রাট আজম খানের অনুসারীর সংখ্যা অগণিত। তাদেরই একজন সৌর। ‘গুরু’র জন্মবার্ষিকী বৃহস্পতিবার। এ ‍উপলক্ষে প্রকাশ হয়েছে গানটির ভিডিও।

আজম খানকে উৎসর্গ করে গানটি লিখেছেন ধ্রুব এষ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন সৌর।

বুধবার থেকে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাচ্ছে ‘আজম খান’। একই সঙ্গে গানটি থাকছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিফ্লিক্সে। অডিও শোনা যাবে ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে।

গানটি প্রসঙ্গে সৌর বলেন, “আমাদের আদর্শ শিল্পী সর্বজন-শ্রদ্ধেয় আজম খান। তার প্রশংসা করে শেষ করা যাবে না। দেশ ও গানের জন্য তার ত্যাগ অপরিসীম। গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গানটি প্রকাশ করেছি।”