আটটি আকাশচুম্বী বিল্ডিংয়ের ওপর শিহরণ জাগানো এক সেতু। বলা হচ্ছে বিশ্বের উচ্চতম সেতুর মধ্যে এটি একটি। চীনের চংকিংয়ের এই প্রকল্পের কাজ প্রায় শেষের পথে।
সিএনএন জানিয়েছে, সেতুটি চলতি বছরের শেষ নাগাদ উন্মুক্ত করা হবে। লম্বা প্রায় ৩০০ মিটার। চওড়া ৩২.৫ মিটার।
এই মেগা প্রজেক্টটি এশিয়ার বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানি ক্যাপিটাল-ল্যান্ড বাস্তবায়ন করছে।
তারা জানিয়েছে, প্রায় ছয় বছর ধরে সেতুটির কাজ চলছে।
‘ছয় বছরের পরিশ্রম সার্থক হতে যাচ্ছে। এখন আমরা ভেতরের নকশার কাজ করছি। কিছু গাছ লাগানো হবে। রাতে আলো জ্বালানোর ব্যবস্থা থাকবে,’ বিবৃতিতে জানিয়েছে ক্যাপিটাল-ল্যান্ড।
এই ব্রিজটি ৯.২ হেক্টর এলাকার সংযোগ করেছে। এর মধ্যে ২ লাখ ৩৫ হাজার স্কয়ার-মিটারের শপিংমল রয়েছে, রয়েছে অফিস, বাসভবন এবং হোটেল।
আকাশচুম্বী ভবনের মধ্যে দুটির উচ্চতা ৩৫০ মিটার। এই দুই ভবনকে চংকিংয়ের উচ্চতম ভবন বলা হয়। এর মধ্যে একটি বাসভবন হিসেবে ব্যবহার করা হয়। অন্য ছয়টি ভবন ২৫০ মিটারের মতো লম্বা।