কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৩:৪৮ এএম

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন বিদেশি নাগরিক আহত ও একজন নিহতও হয়েছেন।

কুয়েতে বাংলাদেশ দূতাবাস বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েতের আকাশসীমায় একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হন। আহত বাংলাদেশিদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশ দূতাবাস নিয়মিত খোঁজখবর রাখছে।

বাংলাদেশ দূতাবাস কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী, রকেট বা ড্রোন হামলার ঘটনা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা বা ভিডিও ধারণ করা দেশটির আইনে দণ্ডনীয় অপরাধ। এ কারণে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি এ ধরনের ছবি বা ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করার এবং অন্যদেরও এ বিষয়ে উৎসাহিত করার আহ্বান জানা‌নো হ‌চ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত