আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে জামিনে থাকা এক ব্যক্তিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার মাথায় অস্ত্র ঠেকিয়ে বিপ্লব হোসেন (৩৮) নামে ওই ব্যক্তিকে অপহরণ করা হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। বিপ্লবের নিখোঁজের কথা জানিয়ে তার স্ত্রী জিয়াসমিন আক্তার বুধবার ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বিপ্লব উপজেলার যাদবপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি উপজেলার চৌহাট গ্রামের সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য নাজমুল হাসান পান্না হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। ওই মামলায় গ্রেপ্তার হয়ে সাড়ে তিন বছর হাজতবাসের পর গত বছরের ৭ আগস্ট জামিনে মুক্তি পান তিনি।

প্রত্যক্ষদর্শী ও বিপ্লবের প্রতিবেশী আবদুল গনি দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনার দিন দুপুরে একই মোটরসাইকেলে চড়ে বিপ্লবের সঙ্গে গোমগ্রাম বাজারে যাচ্ছিলাম আমি। পথে একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল আড়াআড়ি করে রেখে ব্যারিকেড দিয়ে আমাদের মোটরসাইকেল থেকে ফেলে দেয় কয়েকজন ব্যক্তি। পরে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিপ্লবকে কিলঘুষি মারতে মারতে মাথায় অস্ত্র ঠেকিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় প্রতিবাদ জানালে তারা আমাকে গুলি করে হত্যার হুমকি দেয়।’

বিপ্লবের স্ত্রী জিয়াসমিন আক্তার বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়েও আমার স্বামীকে খুঁজে পাইনি। তাকে আইনের লোক পরিচয় দিয়ে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে গেছে। এখন যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে থাকে তবে বিপ্লব কোথায় আছে তা আমাদের জানানো হোক। আর যদি দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায় তাহলে তাকে উদ্ধার করা হোক।’

জানতে চাইলে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘বিপ্লবের নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে তাকে উদ্ধারে ব্যবস্থা নেয়া হচ্ছে। তাকে পূর্ব শত্রুতার জেরে অপহরণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’