বাঁশখালীতে সব প্রার্থীই আওয়ামী লীগের

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে যারা প্রার্থী হয়েছেন তারা সবাই আওয়ামী লীগ ঘরানার হওয়ায় কর্মীরা পড়েছেন বিপাকে।

এ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাঁশখালীর সাবেক সাংসদ প্রয়াত সুলতান উল কবির চৌধুরীর ছেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মৌলভী নুর হোসেন। আবার ভাইস চেয়ারম্যান পুরুষ-মহিলা উভয় পদে মনোনয়নপত্র জমাদানকারী ১০ জনই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এদিকে, প্রার্থীদের সবাই আওয়ামী লীগের হওয়ায় দলীয় কর্মীরা পড়েছেন দ্বন্দ্বে। কাকে বাদ দিয়ে কাকে ভোট দেবেন, কার পক্ষে চালাবেন প্রচার– এ নিয়ে তারা আছেন বিপাকে। আগামী ৭ মার্চ বাছাইয়ের পর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোমেনা আক্তার।