এবার ইয়াবাসহ আটক হলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা অলিউর রহমান সেতু।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করেন কুষ্টিয়া মডেল থানা-পুলিশ।
আটক ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন দপ্তরে শাখা কর্মকর্তা হিসেবে কর্মরত বলে নিশ্চিত করেছেন জনসংযোগ বিভাগ। অলিউর রহমান সেতু বালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা অলিউর রহমানকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কুষ্টিয়া মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলা নং-৭, ০৪/০৩/১৯ পূর্বক গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জানান, কুষ্টিয়া মডেল থানা-পুলিশ কর্তৃক শাখা কর্মকর্তা অলিউর রহমান সেতুকে মাদকসহ আটকের বিষয়টি আমরা শুনেছি। ইতিপূর্বে আরও একবার নৈতিক স্খলন জনিত অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।