সংসদের চলতি অধিবেশন চলবে ১১ মার্চ পর্যন্ত

একাদশ জাতীয় সংসদের চলতি অধিবেশন আগামী ১১ মার্চ পর্যন্ত চলবে। সোমবার বিকেলে সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটি’র প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে স্পিকার চাইলে অধিবেশনের মেয়াদ পরিবর্তন করতে পারবেন বলেও সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, হাসানুল হক ইনু, মো. ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ ও নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, গত ৩০ জানুয়ারি শুরু হওয়া সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে ৫টি অধ্যাদেশ উপস্থাপিত হয়। অধ্যাদেশগুলো ইতিমধ্যে বিল আকারে পাস হয়েছে। আরো ৩টি সরকারি বিল উত্থাপনের অপেক্ষায় আছে। এ ছাড়া চলতি অধিবেশনে উত্থাপনের জন্য একটি বেসরকারি বিল পাওয়া গেছে।

আরো জানানো হয়, এই অধিবেশনে প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা ছাড়াও রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এ পর্যন্ত সরকার ও বিরোধী দলে ১১৫ জন সংসদ সদস্য ৩৩ ঘণ্টা ৪৭ মিনিট আলোচনা করেছেন। অধিবেশন শেষ হওয়ার আগেই এই আলোচনা শেষ করে সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে।