দুই হত্যা মামলার ৬ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের কনস্টেবল রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ সোনারগাঁওয়ের যুবক আমিনুল ইসলাম ওরফে কালু হত্যার মামলার এজারহারভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে রূপগঞ্জের মামলার আসামিদের নরসিংদী থেকে এবং সোনারগাঁওয়ের মামলার আসামিদের সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, ২০১৮ সালের ২১ নভেম্বর রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় তুচ্ছ ঘটনায় ৫০ থেকে ৬০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনির হোসেন নামের একজনকে হত্যার উদ্দেশে তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে উপস্থিত মনির হোসেনের দুই শ্যালক পুলিশের কনস্টেবল রাসেল ও রাজু গুরুতর আহত হন। ঘটনার সাতদিন পর চিকিৎসাধীন অবস্থায় রাসেল (৩৫) মারা যান। নিহত রাসেল মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের ছেলে। তিনি ঢাকা পুলিশের এসবি শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এই মামলায় জেলা গোয়েন্দা পুলিশ রবিবার রাতে নরসিংদী জেলার মাধবদী বাজার এলাকা থেকে দুই আসামি মান্নান ও মাসুদকে গ্রেপ্তার করে।