আখাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শেখ বোরহান উদ্দিনের মনোনয়ন ফরম ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা ১টার দিকে উপজেলা নির্বাহীধ কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম ভূঁইয়ার লোকজনকে দায়ী করেছেন আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন। শেখ বোরহান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি অসুস্থ থাকার কারণে আমার পক্ষে মোগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হামিদ মোল্লাকে মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য পাঠাই। সেখানে সরকারি দলের লোকজন আমার মনোনয়ন ফরম ছিনতাই করে নিয়ে যায়।’ মুক্তিযোদ্ধা হামিদ মোল্লা জানান, ‘আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন ফরম জমা দেওয়ার কারণে আমরা ইউএনওর পাশের রুমে বসে ছিলাম। এ সময় যুবলীগ নেতা জাহিদসহ কয়েকজন মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে যায়।’