হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনের সাংসদ আব্দুল মজিদ খানকে ভোট প্রদান ছাড়া বানিয়াচং উপজেলায় অবস্থান ও উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচারে অংশ না নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ নাজিমুদ্দিন। বানিয়াচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এ চিঠি দেওয়া হয়। ইকবাল হোসেন খান বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হয় দলের বর্ধিত সভায়। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার চিঠিতে উল্লেখ করেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধির অনুসারে সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচার ও নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না। আবেদনকারীর দাবি অনুযায়ী একজন সংসদ সদস্য হিসেবে আপনি একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন যা নির্বাচনবিধির স্পষ্ট লঙ্ঘন।’