খবর পড়ল নারী রোবট

গৃহস্থালি কাজ, শিল্পকারখানা, রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তায় পুলিশ সদস্যদের ভূমিকায় রোবটের ব্যবহার দেখা গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। টেলিভিশন চ্যানেলে ইতিপূর্বে খবর পড়তে দেখা গেছে পুরুষ রোবটকে। এবার প্রথমবারের মতো সংবাদ উপস্থাপক হিসেবে দেখা গেছে নারীবেশী রোবটকে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গত রবিবার মানুষের মতো চেহারার ওই রোবটকে দিয়ে খবর পড়িয়েছে।

এনডিটিভির খবরে জানানো হয়, রোবটটি মানুষের মুখভঙ্গি নকল করতে পারে। এটি চীনের পার্লামেন্টে বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে বেইজিংয়ে আসা একটি প্রতিনিধিদলের খবর সাধারণ মানুষের মতোই পাঠ করে। কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটটির  নামকরণ করা হয়েছে ‘শিন জিয়াওমেং’। সিনহুয়ার এক মিনিটের সংবাদ উপস্থাপনায় চুল ছোট করে, গোলাপি জামা ও দুই কানে দুল পরে হাজির হয়েছিল সে। এ রোবটটিকে সিনহুয়ার সংবাদ উপস্থাপক কু মেংয়ের আদলে তৈরি করা হয়েছে।

রোবটটি তৈরি করেছে সিনহুয়া ও প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান সোগৌ। এর আগে গত বছরের নভেম্বরে চীনের পূর্বাঞ্চলীয় শহর উঝেনে পুরুষের পোশাকে দুটি কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট হাজির করেছিল সিনহুয়া।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি উৎপাদনে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে চীন। দেশটি নজরদারির উপকরণ থেকে শুরু করে স্বচালিত গাড়ি নির্মাণ করেছে।