সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। গতকাল সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজাম-প পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বক্তব্য রাখেন। এর আগে রবিবার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন।
দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামন্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার তিন বিভাগে সফর করবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গতকাল এ কথা জানিয়েছেন। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী পূজামন্ডপ পরিদর্শনে মঙ্গলবার সকালে রংপুর, রাজশাহী ও সর্বশেষে চট্টগ্রাম যাবেন। এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামন্ডপগুলোতে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। পরিদর্শন শেষে রাতেই তিনি ঢাকা ফিরবেন।’
মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরে নামবেন তারেক রহমান। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি। এরপর রাজশাহীর হযরত শাহ মখদুম রহ. বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন।
রাজশাহী থেকে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামন্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাময়িক বিশ্রাম শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকা ফিরবেন।
চট্টগ্রাম থেকে শামসুল ইসলাম জানান : আড়াই মাসের মাথায় আবারও চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নগরীর ঐতিহাসিক জেএম সেন হলে পূজাম-প পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এদিন চট্টগ্রামে দলীয় নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। অন্যদিকে নগরীতে পূজা পরিদর্শনে কোনো সরকারপ্রধানের আগমন ঘিরে সনাতন ধর্মাবলম্বীরা উচ্ছ্বসিত।
সফরসূচি অনুযায়ী সোমবার রংপুর ও রাজশাহী সফর শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম এসে পৌঁছবেন। আমানত বিমানবন্দর থেকে তিনি সরাসরি নগরীর রহমতগঞ্জ জেএম সেন হলে যাবেন, সেখানে পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম দেশ রূপান্তরকে জানান, জেএম সেন হলের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন। প্রধানমন্ত্রীর সফরকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফর চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জি দেশ রূপান্তরকে বলেন, প্রথমবার দেশের কোনো প্রধানমন্ত্রী চট্টগ্রামে পূজা পরিদর্শনে আসবেন এটা আমাদের জন্য একই সঙ্গে আনন্দ ও গর্বের। তার এই পরিদর্শনে চট্টগ্রামে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান দেশ রূপান্তরকে বলেন, নগরীর বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসবগুলো হয়ে ওঠে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির নির্দশন। দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর আগমন সেই সম্প্রীতিকে আরও দৃঢ় করবে। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জেএম সেন হল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সফরে প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রংপুর প্রতিনিধি তাজিদুল ইসলাম লাল জানান : পূজামন্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার রংপুরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টায় প্রধানমন্ত্রী রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির ধর্মসভা পরিদর্শন করবেন। সেখানে তিনি সনাতন সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে রংপুর সিটি করপোরেশন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে সাজসাজ রব অবস্থা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তা বলয় থাকবে।
রাধা গোবিন্দ মন্দির ধর্মসভা রংপুরের সভাপতি পার্থবোস বলেন, প্রধানমন্ত্রী রংপুরের একটি মন্দিরে আসছেন এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। তিনি প্রত্যন্ত অঞ্চলে কীভাবে শারদীয় উৎসব পালন করা হয়, তিনি তা সরেজমিনে দেখবেন, আমাদের সঙ্গে কুশল বিনিময় করবেন, এটা আমাদের জন্য পরম পাওয়া।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সামরিক বিমানযোগে সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। বেলা ১১টায় তিনি রংপুর মহানগরীর ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরের পূজামন্ডব পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি বিমানযোগে রাজশাহী ও পরে চট্টগ্রাম সফল শেষে ঢাকায় ফিরবেন। রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রংপুরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে। আমরাও আনন্দিত।
বিজিবির ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিউর রহমান বলেন, এসএসএফের সঙ্গে আমাদের সমন্বয় হয়েছে। তাদের নিরাপত্তা বলয়ের মধ্যে যে স্থানগুলো আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, সেখানে বিজিবি সদস্য মোতায়েন থাকবে।