যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) প্রত্যাহার করে নিতে চায় দেশটি। সোমবার কংগ্রেসকে চিঠি লিখে এমন ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হিন্দুস্থান টাইমস জানায়, ট্রাম্পের মতে, জিএসপি সুবিধায় ভারত যেরকম লাভবান হচ্ছে, বিপরীতে সেদিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র।
এই সুবিধার আওতায় বছরে সাড়ে পাঁচ বিলিয়নেরও বেশি পণ্য বিনা শুল্কে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত। কিন্তু ভারতের বাজারে মার্কিন পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দিল্লি।
বিনা শুল্কে মার্কিন বাজারে উন্নয়নশীল দেশগুলোর পণ্যের প্রবেশাধিকার নিয়ে জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধা চালু করে যুক্তরাষ্ট্র।
জিএসপি সুবিধার আওতাভুক্ত ১২০ দেশের মধ্যে শীর্ষ সুবিধাভোগী দেশ ভারত। ২০১৭ সাল থেকে এই সুবিধার অধীনে ৫.৬ বিলিয়ন ডলারের পণ্য বিনা শুল্কে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে দেশটি যা যুক্তরাষ্ট্রের মোট রপ্তানি ৪৮.৬ বিলিয়ন ডলার থেকে ১১ শতাংশ বেশি।
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের কাছে চিঠিতে ট্রাম্প বলেন, জিএসপির অধীনে উন্নয়নশীল দেশ হিসেবে সুবিধাভোগীর তালিকা থেকে ভারতকে বাতিলকে করতে আমার ইচ্ছার কথা জানাচ্ছি।
একইভাবে তুরস্কের ক্ষেত্রে একই ধরনের সিদ্ধান্ত নিতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র। অর্থনৈতিকভাবে অগ্রগামী দেশটির এখন শুল্কমুক্ত বাণিজ্যে সুবিধা পাওয়ার যোগ্যতা রাখে না বলে মনে করে ওয়াশিংটন।
জিএসপির মাধ্যমে পণ্যের মেধাস্বত্ব নিশ্চিতকরণ এবং মার্কিন পণ্যের ক্ষেত্রে ন্যায্য ও যৌক্তিক প্রবেশাধিকারসহ কিছু শর্ত ঠিক করে দেয় কংগ্রেস। এখন ওয়াশিংটন মনে করছে, ভারত ও তুরস্ক এসব শর্ত পূরণ করতে পারছে না।
বিবিসি জানায়, মার্কিন কংগ্রেস এ বিষয়ে ভারত ও তুরস্ককে নোটিশ দেবে। এর দুই মাসের মধ্যে দেশ দুটিতে জিএসপি সুবিধা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে।