পুরুষের বহুবিবাহ নারী ও সন্তানাদিদের প্রতি অবিচার বলে মন্তব্য করেছেন মিশরের সর্বোচ্চ ইসলামিক প্রতিষ্ঠান আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল-তায়েব।
তার মতে, কোরআন সম্পর্কে বোঝার অভাব থেকে বহুবিবাহের ব্যাপারটা প্রচলিত হয়ে আসছে। নিজের সাপ্তাহিক টেলিভিশন প্রোগামে ও টুইটারে বহুবিবাহ নিয়ে এমন মন্তব্য করলেন তিনি।
আল-আজহারের পরিষ্কার ব্যাখ্যা, বহুবিবাহ বন্ধ করতে ধর্মীয় গুরুরা এগিয়ে আসেনি। আল-তায়েব জোর দিয়ে বলেন, একবিবাহই নিয়ম, বহুবিবাহের ব্যাপারটি ব্যতিক্রম।
“যারা খুব করে বহুবিবাহের কথা বলেন তাদের সবাই ভুল পথে আছেন।”
আল-তায়েবের মতে, কোরআনে একজন মুসলিম পুরুষের একাধিক বিবাহের কথা উল্লেখ থাকলেও সেক্ষেত্রে স্বচ্ছ্বতার কথাও বলা হয়েছে।
“স্বচ্ছ্বতার বিষয়টা অবশ্যই মানতে হবে। স্বচ্ছ্বতার বিষয়টি না থাকলে একাধিক বিবাহ করা নিষিদ্ধ।”
পুরুষের বহুবিবাহের কারণে নারীদের অধিকারের বিষয়টি হুমকিতে পড়ে বলে মনে করেন আল-আজহারের গ্র্যান্ড ইমাম, “নারীরা সমাজের অর্ধেক। আমরা যদি তাদের প্রতি যত্নশীল না হই তাহলে এটা এক পায়ে হাঁটার মতো হবে।”
আল-তায়েবের মন্তব্যগুলো ইতিবাচক হিসেবে নিয়েছে মিশরের ন্যাশনাল কাউন্সিল ফর উইমেন। কাউন্সিলের সভাপতি মায়া মোরসি বলেন, “মুসলিম ধর্ম নারীদের সম্মান দিয়েছে- ন্যায়বিচার দিয়েছে এবং অনেক অধিকার দিয়েছে যা আগে ছিল না।”