ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গতকাল মঙ্গলবার ওয়েবসাইটটি কে বা কারা হ্যাক করেছে তা এখনো জানা যায়নি। ওয়েবসাইটটিতে মঙ্গলবার সকাল থেকেই প্রবেশ করা যায়নি। বিজেপির তথ্যের বদলে সাইটের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও বিকৃত করা হয়। হ্যাকের বিষয়টি জানাজানি হলে বিজেপির পক্ষ থেকে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ওয়েবসাইটটি ঠিক করে আবার চালু করে দেওয়া হবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়।
ওয়েবসাইটটি হ্যাক করে কাশ্মীর নিয়ে হুমকি দেওয়া হয়েছে। কাশ্মীর বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। তা থেকে না সরলে, উচিত শিক্ষা দেওয়া হবে বলে জানিয়েছে হ্যাকাররা। পাকিস্তানি হ্যাকাররাই ওই ওয়েবসাইটটি হ্যাক করে থাকতে পারে বলে ধারণা করা করছে বিজেপি। গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয় লক্ষ্য করে হামলা চালায় পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। এতে ভারতের ৪০ জনের বেশি সেনা নিহত হয়।