গ্রেপ্তারর ঝুঁকি নিয়েও গত সোমবার ভেনেজুয়েলায় ফিরলেন দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো। তিনি সিমন বলিভার বিমানবন্দরে পৌঁছালে তাকে সমর্থকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা স্বাগত জানান বলে জানিয়েছে সিএনএন। বিমানবন্দরে গুইদো বলেন, গ্রেপ্তার ও প্রাণনাশের হুমকি সত্ত্বেও তিনি দেশে ফিরেছেন। কেননা রাজনৈতিক সংকট, অর্থনৈতিক ধস এবং ব্যাপক মুদ্রাস্ফীতি থেকে তিনি ভেনেজুয়েলার জনগণকে রক্ষা করতে চান। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ত্রাণ ভেনেজুয়েলায় প্রবেশ নিয়ে কলম্বিয়া সীমান্তে মাদুরো সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় গুইদো সমর্থকরা। ত্রাণ প্রবেশ সমন্বয় করতে এ সময় কলম্বিয়া সফরে যান গুইদো।
ভেনেজুয়েলার আদালতের ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ সফরে যান গুইদো। কলম্বিয়া ছাড়াও লাতিন আমেরিকার যেসব দেশ ভেনেজুয়েলা সংকটে তাকে সমর্থন জানিয়েছে সে সব দেশও সফর করেন তিনি। এর মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ইকুয়েডরের মতো দেশগুলো রয়েছে। সোমবার দেশে ফিরেই রাজধানী কারাকাসে সরকারবিরোধী এক বিক্ষোভে যোগ দিয়ে মাদুরো সরকারের পদত্যাগ দাবি করেন হুয়ান গুইদো। এর আগে গত রবিবার এক টুইটে গুইদো বলেন, যথাসময়ে দেশে ফিরে তিনি আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ‘ঐতিহাসিক চ্যালেঞ্জ’ গ্রহণ করতে চান। তবে তার দেশে ফেরার আগ পর্যন্ত নিজের সুনির্দিষ্ট অবস্থান গোপন রাখেন গুইদো।