যশোরের শিশুকন্যা তৃষা ধর্ষণ ও হত্যার বিচার এবং অভিযুক্ত শামিমের আটকের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত শহরতলির ধর্মতলায় যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে শত শত নারী, পুরুষ ও শিশু শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। এ সময় তারা অভিযুক্ত শামিমের আটক ও বিচার দাবি করে স্লোগান দেয়। এদিকে এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত রবিবার বিকেলে খেলতে গিয়ে কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তৃষা নিখোঁজ হয়। সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে গর্ত দেখে সন্দেহ হয় স্থানীয়দের। গর্তটি খুঁড়ে তৃষার লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ও তৃষার সহপাঠীরা বিচারের দাবিতে সড়কে বিক্ষোভ করে। তৃষার মা জোসনা খাতুন ও বাবা তরিকুল ইসলামও মানববন্ধনে ছিলেন। এলাকাবাসী ও তৃষার সহপাঠীরা এ হত্যাকা-ের সঙ্গে জড়িত তাদের প্রতিবেশী শামিমকে দায়ী করেছে। তাকে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।