শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

জামাতার মৃত্যুদণ্ডের রায়

রাজধানীর চকবাজারের ইসলামবাগে শাশুড়িসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার মামলায় মো. আল ইসলাম জীবনকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজের বিচারক ফারহানা ফেরদৌস আসামির উপস্থিতিতে এ রায় দেন। এজাহারে বলা হয়, রাশিদা বেগম তার মেয়ে সীমা (৩০), নাতনি বন্যা (২৩), জুঁই (৫) ও সানিকে (২) নিয়ে একই বাসায় থাকতেন। আসামি জীবনের সঙ্গে রাশিদার মেয়ে সুমীর বিয়ে হয়। তাদের দুই সন্তান জুঁই ও সানি। সানির জন্মের সময় সুমী মারা যান। মায়ের কথামতো সন্তানরা নানির কাছে থাকত। সন্তানদের নিজের কাছে রাখার জন্য আদালতের দ্বারস্থ হয় জীবন। কিন্তু আদালত রাশিদার কাছেই থাকার আদেশ দেয়। ২০১৬ সালের ৪ জুলাই আসামি জীবন শাশুড়ির বাসায় এসে সন্তানদের কাপড় দিতে চাইলে ঝগড়া বাধে। এক পর্যায়ে সে তার হাতে থাকা রামদা দিয়ে রাশিদাকে কুপিয়ে হত্যা করে। তাকে বাধা দিতে গেলে বন্যা এবং সীমাকেও কুপিয়ে জখম করে। পরে সেদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বন্যা। আর সীমার মৃত্যু হয় ৬ জুলাই।