বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন।’ তার মতে, শিক্ষাব্যবস্থার দুর্বলতার দায়ভার টানছেন শিক্ষার্থী ও সহশিক্ষকরা। গতকাল মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে আমেরিকান তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কাজী আইটির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কাজী আইটির সিইও মাইক কাজী ও তার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এ সময় কাজী আইটির সিইও মাইক কাজী জানান, ৯ বছর ধরে বাংলাদেশে কার্যক্রম করছেন তারা। এখনো যোগ্য কর্মী পেতে বেগ পেতে হয় তাদের। ১০০ জন পরীক্ষা দিলে তার মধ্যে ৯০ জনই ইংরেজিতে দক্ষ নন বলে মন্তব্য করেন মাইক কাজী। আরেক প্রশ্নের জবাবে ড. কলিমউল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের আমরা তোতা পাখি ও বানর বানাচ্ছি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষকের উচিত ইগো দূর করে জীবনভর নতুন কিছু শিখতে আগ্রহী হওয়া।’