স্যাটেলাইট চিত্রে বালাকোটের সেই স্থাপনা অক্ষত!

পাকিস্তানের বালাকোট সীমান্তে জইশ-ই-মুহাম্মদের যে মাদ্রাসায় হামলা চালিয়েছিল বলে দাবি করেছে ভারত, সেখানের স্থাপনাসমূহ অক্ষত রয়েছে এমনটা দেখা গেছে স্যাটেলাইট চিত্রে।

স্যাটেলাইটের মাধ্যমে ধারণ করা ‘হাই রেজ্যুলেশনের’ ছবি প্রকাশ করে স্থাপনাটি অক্ষত রয়েছে বলে জানায় রয়টার্স।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক বেসরকারি স্যাটেলাইট অপারেটর প্ল্যানেট ল্যাব ইনকরপোরেশনের কাছ থেকে এই ছবি সংগ্রহ করে সংবাদ সংস্থাটি।

জম্মু-কাশ্মীরে পুলওয়ামায় জইশের আত্মঘাতী হামলায় নিহত হন কমপক্ষে ৪৯ জন সিআরপিএফ সদস্য। এ ঘটনার ১২ দিনের মাথায় বালাকোটে হামলা চালায় ভারত।

ওই প্রশিক্ষণ কেন্দ্রে ভারতের যুদ্ধবিমানগুলো এক হাজার কেজি বোমাবর্ষণ করে ‘বহু সংখ্যক’ জইশ যোদ্ধাকে হত্যা করেছে বলে দাবি করে আসছে নয়াদিল্লি সরকার। এতে ২০০ থেকে ৩৫০ জন নিহত হয় বলেও দেশটির সংবাদমাধ্যমে দাবি করা হয়।

কিন্তু এ অভিযানের ছয় দিন পর ৪ মার্চ ওই মাদ্রাসার স্থানটিতে অন্তত ছয়টি ভবন অক্ষত অবস্থায় দেখা যায় প্ল্যানেট ল্যাবের সরবরাহ করা ছবিগুলোতে।

প্ল্যানেট ল্যাবের স্যাটেলাইট চিত্রে ৭২ সেন্টিমিটার পর্যন্ত ছোট জিনিসও উঠে আসে। সেখানকার ভবনের ছাদে কোনো ধরনের গর্ত, আঘাতের কোনো চিহ্ন, বিস্ফোরণে দেয়াল উড়ে গেছে- এমন চিহ্নও নেই। এমনকি আশপাশে কোনো গাছ উপড়ে পড়েছে, এমন দৃশ্যও দেখা যাচ্ছে না।

তাহলে কি বালাকোটে কোনো ধরনের হামলার ঘটেনি? এদিকে স্যাটেলাইটে ধারণ করা এসব ছবির বিষয়ে ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো জবাব দেয়নি বলে রয়টার্স জানায়।