ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে ঢুকে এক ছাত্রীকে প্রকাশ্যে হুমকি দিয়েছে একদল বখাটে।
বুধবার দুপুরে শহরের খৈয়াসার এলাকায় ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে আসা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কম্পিউটার বিভাগের এক ছাত্রী তার কয়েকজন সহপাঠীদের নিয়ে ল্যাবে আড্ডা দিচ্ছিল।
এ সময় ওই এলাকার চিহ্নিত কয়েকজন বখাটে ক্লাসে প্রবেশ করে ওই শিক্ষার্থীকে বের হতে বলে। ছাত্রীটি বের হতে অপারগতা প্রকাশ করলে পরে দেখে নেওয়ার হুমকি দেয় বখাটেরা।
বখাটেদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। এমনকি তাদের বাধা দিতেও সাহস পায়নি শিক্ষকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় অর্ধশত মেয়ে শিক্ষার্থী রয়েছে। স্থানীয় ৮/১০জন চিহ্নিত সন্ত্রাসী ও বখাটে নিয়মিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে আসা মেয়ে শিক্ষার্থীদের রাস্তা, ক্যাম্পাস গেইটসহ বিভিন্ন স্থানে প্রায়ই উত্ত্যক্ত করে।
এমনকি বখাটেরা প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রবেশ করে শ্রেণি কক্ষ, বারান্দাসহ বিভিন্ন স্থানে গিয়ে উত্ত্যক্ত করার চেষ্টা চালায়।
গত বছর একজন ছাত্রীকে বখাটেরা উত্ত্যক্ত করার পর তার বিদ্যালয়ে আসা বন্ধ হয়ে যায় বলে কলেজ সূত্রে জানা যায়।
ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকসহ ২২জন কর্মরত রয়েছেন। বখাটেদের ভয়ে কেউ কোন প্রতিবাদ করতে সাহস পায়নি।
ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান জানান, ঘটনাটি শুনে আমি মেয়েটিকে ডেকে ছেলেটির নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তাকে চিনে না বলে জানায়। ছেলেটির খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি।