আধিপত্য বিস্তারের জের শৈলকুপায় সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত দুদল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন দেবতলা গ্রামের সাবেক চেয়ারম্যান শামছুজ্জামান পান্না খান ও জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন মালিতা সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। তিন দিন আগে পাশের জামসেদপুর গ্রামে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই জের ধরে গতকাল বুধবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উপজেলা যুবলীগের সহসভাপতি রবিউল ইসলাম, সোহরাব মালিতা, আয়ুব মালিতা, কুদ্দুস মালিতা, লুৎফর মালিতা, সাজ্জাদ হোসেন, টুকুন, রেজাউল ইসলাম কটাসহ অন্তত ১৫ জন আহত হন।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, দেবতলা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।