দুজনেই নরেন্দ্র মোদির দল বিজেপির নেতা। একজন উত্তর প্রদেশের সাংসদ শরদ ত্রিপাঠী, অন্য জন বিধায়ক রাকেশ বাগেল। দুজন সরকারি সভায় রীতিমতো মারামারিতে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের পাত্র হয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, একটি ভিত্তিপ্রস্তরের ফলকে নিজের নাম থাকায় বিধায়ককে জুতা দিয়ে পেটান ওই সাংসদ।
কয়েক দিন আগে উত্তর প্রদেশে ওই বিধায়কের জেলায় একটি প্রকল্পের উদ্বোধন হয়। কিন্তু ফলকে বিধায়ক রাকেশ বাগেলের নাম থাকলেও সাংসদ শরদের নাম রাখা হয়নি। কেন ফলকে তার নাম রাখা হয়নি, এ নিয়ে বৈঠকে বিধায়ককে প্রশ্ন করেন সাংসদ।
বিধায়ক জবাবে বলেন, তার নির্বাচনী এলাকায় যাবতীয় সরকারি প্রকল্পের দায়-দায়িত্ব তার নিজের উপর। তাই তার নাম রাখা হয়েছে।
এই কথা শুনে সাংসদ তেলেবেগুনে জ্বলে ওঠেন। উত্তেজিত হয়ে নির্দেশ দেন, ওই নামফলকে তার নামও ঢোকাতে হবে। তখন বিধায়ক জানান, এক বার নামফলক তৈরি হয়ে গেছে। এখন আর তাতে অন্য কারও নাম ঢোকানো সম্ভব নয়।
এবার আর নিজের আসনে বসে থাকেননি সাংসদ। ভরা বৈঠকের মধ্যেই পা থেকে জুতা খুলে বিধায়ককে পেটাতে শুরু করেন। বিধায়কও চেষ্টা করেন সাংসদকে চড় মারতে।
দুই বিধায়কের এই ‘যুদ্ধ’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দেশটির বিভিন্ন টেলিভিশন চ্যানেলে চলছে আলোচনা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, সাংসদ এবং বিধায়ক দু’জনের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।