শ্বাসকষ্টে ভোগায় দুপুরে হোমিওপ্যাথিক সিরাপ পান করেন। এরপর বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি দুই বন্ধুকে। গত মঙ্গলবার রাতেই মৃত্যু হয় জাহাঙ্গীর আলম (৪০) ও শুক্কুর মাহমুদের (৪২)। তারা দুজনই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা। মৃতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে মিঠামইন বাজারের সুজন হোমিও হল থেকে শ্বাসকষ্টের সিরাপ পানের পর বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। প্রথমে তাদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শারীরিক অবস্থার অবনতি ঘটলে করিমগঞ্জ রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার আরও অবনতি ঘটে। রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আলী তাদের মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম সোপান জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।