‘সত্যযুগের সত্যরাজা’র প্রথম প্রদর্শনী আজ

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে নাহিদুর রহিম চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘সত্যযুগের সত্যরাজা’র প্রথম প্রদর্শনী হবে আজ বৃহস্পতিবার। একই দিনে ‘বিশ্বজুড়ে ধ্বনিত প্রতিধ্বনিত বঙ্গবন্ধুর ভাষণ’ শীর্ষক তথ্য ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্র্তৃক মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃত হয়েছে, যা বাংলাদেশের জন্য এক গৌরবের বিষয়। এই স্বীকৃতিপ্রাপ্তির পশ্চাতে মুক্তিযুদ্ধ জাদুঘরেরও ভূমিকা রয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর ৭ই মার্চের ভাষণ যথাযোগ্য মর্যাদায় স্মরণের লক্ষ্যেই আয়োজন।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মুক্তিযুদ্ধকালে বাউল তোরাব আলী সাঁই রচিত ও গীত বঙ্গবন্ধু-বন্দনা গান অবলম্বনে মুক্তিযুদ্ধ জাদুঘরের শ্রুতিদৃশ্য কেন্দ্র নির্মাণ করেছে ‘‘সত্যযুগের সত্যরাজা’’ প্রামাণ্যচিত্রটি। আজ বৃহস্পতিবার, ৭ই মার্চ বিকেল ৫টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করবেন প্রামাণ্যচিত্র নির্মাতা মানজারে হাসীন মুরাদ ও শামীম আখতার।’