হ্যামিল্টনে প্রথম টেস্টে নিউ জিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারলেও ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই জন্য প্রথম ইনিংসে ভালো কিছু করতে সতীর্থদের তাগিদ তার।
ওয়েলিংটনের বেসিন রিজাভে শুক্রবার বাংলাদেশ সময় ভোর চারটায় সিরিজের দ্বিতীয় টেস্টে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা।
এর আগে হ্যামিল্টন ইনিংস ও ৫২ রানে হারে অতিথিরা। ওই ম্যাচের প্রথম ইনিংসে মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। বোলিংয়েও সুবিধা করতে পারেনি তারা। জবাবে নিউ জিল্যান্ড প্রথম ইনিংসেই করে ৬ উইকেটে ৭১৫ রান!
তাই দ্বিতীয় টেস্টে টেস্টের প্রথম দিনটিতে বাড়তি গুরুত্ব দিয়ে খেলতে সতীর্থদের প্রতি পরামর্শ মাহমুদউল্লাহর।
“আমি মনে করি, গত টেস্টে শুরুতে উইকেটে কিছুটা ঘাস ছিল। প্রথম দিনটা ব্যাটসম্যানদের জন্য কঠিন। কারণ, বলে তখন মুভ করছিল ও সুইং ছিল। তবে এখানে আমি মনে করি, খেলা এগিয়ে যাওয়ার সাথে সাথে ব্যাটিং ভালো হবে। তাই প্রথম দিনটা খুবই গুরুত্বপূর্ণ।”
“টেস্টে প্রথম ইনিংস সব সবসময়ই গুরুত্বপূর্ণ। কারণ এটা বাকি খেলায় ভালো করতে সাহায্য করে। ব্যাটিং-বোলিং যাই করেন কেন প্রথম ইনিংসটাই অনেক কিছু নির্ধারণ করে দেয়।...তাই প্রথম ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ।”