ঢাকা লিগ মাঠে গড়াচ্ছে শুক্রবার

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়াতে যাচ্ছে শুক্রবার। ‘লিস্ট এ’ মর্যাদার এই আসর ঢাকা লিগ নামে পরিচিত। ১২ টি দল নিয়ে হবে এবারের আসর।

ঢাকা লিগের প্রথম তিন পর্বের সূচি ঘোষণা করা হয়েছে আগেই। সূচি অনুযায়ী শুক্রবার প্রথম দিনই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জের মতো দল।

তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আবাহনীর মুখোমুখি হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল খেলবে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। আর বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জ খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

শনিবার প্রথম রাউন্ডের বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় রাউন্ডের ম্যাচ হবে সোম ও মঙ্গলবার। বৃহস্পতিবার ও শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারের লিগে কোনো রিজার্ভ ডে থাকছে না।

নিউজিল্যান্ডের সফরের কারণে শুরুতে শুরুতে জাতীয় দলের বেশির ভাগ তারকাদেরই পাচ্ছে না ক্লাবগুলো। এ ছাড়া সামনে বিশ্বকাপ, তাই জাতীয় দলের খেলোয়াড়দের কাছ থেকে খুব বেশি সার্ভিস পাবেও না দলগুলো।

তামিম ইকবাল ও মুশফিকুর রহিম আগেই লিগে খেলবেন না বলে আবেদন করেছিলেন। সাকিব আল হাসানও নেই। তাই তাদের ড্রাফটেই রাখা হয়নি।

ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আগেরবারের মতো এবারও আবাহনীতে। তবে প্রথম দিকে তাকেও পাচ্ছে না দলটি। পরিবার নিয়ে ছুটি কাটাতে দেশের বাইরে নড়াইল এক্সপ্রেস।

তবে মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, সাব্বির রহমান, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, নাঈম ইসলামের মতো তারকারা থাকছেন শুরু থেকেই।