জার্মানির বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভক্সওয়াগেনকে ৫০০ কোটি রুপি জরিমানা করেছে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। বৃহস্পতিবার শুনানি শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ইঞ্জিনে ‘চিট ডিভাইস’ দিয়ে ডিজেল নির্গমন করে পরিবেশের ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিষ্ঠানটিকে দুই মাসের ভেতর জরিমানার টাকা পরিশোধ করতে হবে।
ভক্সওয়াগেন আবার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিএস-আইভি’র কোনো নিয়ম তারা লঙ্ঘন করেনি।
এনজিটি বেঞ্চ বলেছে, ‘টেকসই উন্নয়ন প্রধান আলোচ্য বিষয়। আমরা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের আপত্তি আমলে নিতে পারছি না।’
ভক্সওয়াগেনের বিরুদ্ধে দূষণের অভিযোগ ওঠায় এনজিটি থেকে একটি কমিটি করা হয়। ১৬ নভেম্বর তারা বলেন, এই গাড়ির ইঞ্জিনে ‘চিট ডিভাইস’ ব্যবহার করা হয়েছে, যার কারণে ভারতের পরিবেশ দূষিত হচ্ছে। ওই সময় তাৎক্ষণিকভাবে ১০০ কোটি রুপি ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে জমা দিতে বলা হয়।
কমিটি অনুসন্ধান শেষে জানায়, ভক্সওয়াগেন ২০১৬ সালে ভারতের রাজধানীতে ৪৮.৬৭৮ টন NOx ছড়িয়েছে। যা মানুষের শরীরের জন্য ক্ষতিকর।