দশ বছর নিষিদ্ধ জিম্বাবুয়ে ক্রিকেটের সাবেক প্রধান

জিম্বাবুয়ে ক্রিকেটের সাবেক পরিচালক ইনোক ইকোপকে দশ বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসির দুর্নীতি বিরোধী অভিযানে তিনটি ধারা ভাঙের দায়ে অভিযুক্ত করা হয়েছিল ইকোপকে। আইসিসি জানিয়েছে, ইনোক ইকোপ আইসিসি’র তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে।

মূলত ২০১৭ সালের একটি ফিক্সিং প্রস্তাবের বিষয়ে তদন্তে নেমেছিল আইসিসি। জিম্বাবুয়ে ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় গ্রায়েম ক্রেমারকে রাজন নয়ার ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই ঘটনায় নয়ার গত বছর ২০ বছরের জন্য নিষিদ্ধ হন।

যে ঘটনায় আইসিসি তাদের তদন্তের অংশ হিসেবে ইকোপের কাছে তার মোবাইল চেয়েছিল। কিন্তু জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেট পরিচালক নিজের মোবাইল আইসিসির কাছে হস্তান্তরের আগে সব ডাটা ডিলেট করেন।

ক’দিন আগে তদন্তের কাজে সহযোগিতা করতে ব্যর্থ হওয়ায় শ্রীলঙ্কান ক্রিকেট কিংবদন্তি সনাথ জয়াসুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।