আফগানিস্তানকে রুখে দিয়ে ফাইনালের আশা জিইয়ে রাখল বাংলাদেশ

আপডেট : ০৫ জুন ২০২৬, ০১:২৮ এএম

মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আরেকটি প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে গোলশূণ্য ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচেও এক পয়েন্ট অর্জন করল বাংলাদেশ।

মালে স্টেডিয়ামে বৃহস্পতিবর অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চেষ্টা করে আফগানিস্তান। তবে বাংলাদেশের সংগঠিত রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় প্রতিপক্ষ কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি। ম্যাচজুড়ে বেশ কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ফলে দুই ম্যাচ শেষে দলের সংগ্রহ দাঁড়িয়েছে দুই পয়েন্টে। যদিও এখনো জয়ের মুখ দেখেনি দলটি, তবুও পরপর দুই ম্যাচে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট আদায় করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে খেলোয়াড়রা।

কোচ মারুফুল হকের শিষ্যরা পুরো ম্যাচে শৃঙ্খলাপূর্ণ ফুটবল উপহার দেন। বিশেষ করে রক্ষণভাগের দৃঢ়তা এবং মাঝমাঠের নিয়ন্ত্রিত পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। দলের তরুণ ফুটবলাররাও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখন রয়েছে গুরুত্বপূর্ণ শেষ ম্যাচ। আগামী রোববার স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলে ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে। অন্যদিকে ড্র বা পরাজয় হলে সমীকরণ জটিল হয়ে যেতে পারে।

পরপর দুই ম্যাচে হার এড়িয়ে বাংলাদেশের ফুটবলাররা যে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছেন, তা সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন সবার নজর মালদ্বীপের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে, যেখানে জয়ই হতে পারে বাংলাদেশের ফাইনালের টিকিট নিশ্চিত করার সবচেয়ে বড় হাতিয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত